স্পোর্টস রিপোর্টার
করোনার কারণে এক বছরেরও বেশি সময় স্থগিত থাকার পর মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। করোনাকাল, টি-২০ বিশ্বকাপকে কেন্দ্র করে লিগের ফরম্যাট বদলে গেছে। টি-২০ ফরম্যাটে প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে আজ। টানা নবমবারের মতো প্রিমিয়ার লিগের স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে এবারের প্রিমিয়ার লিগের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ স্পন্সর্ড বাই ওয়ালটন’।
গতকাল মিরপুর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রিমিয়ার লিগের স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে বিসিবি। এ সময় বিসিবির পরিচালক জালাল ইউনুস, সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম, বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম, ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম উপস্থিত ছিলেন।
