বিনোদন ডেস্ক
করোনার কারণে সিনেমা নির্মাণ ও প্রদর্শন কমে গেছে। যদিও শীর্ষ তারকাদের হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। তবে সিনেমার আয় কমে গেলেও থেমে নেই তাদের অন্যান্য মাধ্যম থেকে আয়। সিনেমা ইন্ডাস্ট্রির মতো তারা প্রভাব ফেলেছেন অন্যান্য মাধ্যমেও। বিশ্বায়নের এই সময়ে সব তারকাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে নিয়মিতই সরব থাকেন। যেখানে নিজেদের আপডেট প্রতিনিয়তই জানান দেন ভক্তদের। করোনা দুর্যোগের সময় সেই মাত্রা বেড়েছে আরো কয়েকগুণ। এরইমধ্যে এই মাধ্যমগুলো আয়েরও একটি সুযোগ তৈরি করেছে ব্যবহারকারীদের জন্য। বিশেষ করে ইনস্টাগ্রামে সেই সুযোগ অনেক বেশি রয়েছে। সেখানে একটি পোস্ট করলেই ভারী হচ্ছে তাদের আয়ের ঝুলি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তারকাদের ইনস্টাগ্রাম আয়ের একটি তালিকায় প্রকাশ করা হয়েছে। সেই তালিকার শীর্ষে অবস্থান করছেন বলিউড পেরিয়ে হলিউড জয় করা অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়া। তিনি তার ইনস্টাগ্রামের একটি পোস্ট করলে স্পন্সর থেকে পান প্রায় ২ কোটি টাকা। ইনস্টাগ্রামে এই তারকার ফলোয়ার সংখ্য ২৬.৭ মিলিয়ন। তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রতি পোস্টে তার আয় প্রায় ১ কোটি এবং তৃতীয় স্থানে অবস্থান করা আলিয়া ভাটের আয়ও প্রায় ১ কোটি। এছাড়া প্রায় ৫০ লাখ টাকা আয় করা অমিতাভ বচ্চন আছেন তালিকার ৪ নম্বরে।
উল্লেখ্য, ইনস্টাগ্রামের এমন সাফল্যে উচ্ছ্বসিত এই তারকারা তাদের অনুসারিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভক্তদের কারণেই তাদের এই অর্জন বলে মনে করেন তারা।
