অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ‘বিদ্রোহী’

আপডেট : ৩০ মে ২০২১, ২১:৩৩

 বিনোদন রিপোর্ট

 

করোনার কারণে নতুন ছবিহীন ঈদ কাটছে। গত ঈদেও মুক্তি পায়নি কোনো ছবি। যদিও অনেকেই তাদের ছবি মুক্তির পরিকল্পনা করেছিলেন।  শাকিব খানও তার ‘অন্তরাত্মা’ ছবিটির কাজ দ্রুত শেষ করেছিলেন। তবে পরে আর সেটা সম্ভব হয়নি। এছাড়া কয়েক বছর আগে শুটিং করা শাকিব-বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ ছবিটিও বারবার মুক্তির তারিখ ঘোষণা করা হয়। কিন্তু করোনাসহ নানা কারণে তা আর সম্ভব হয়নি। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া নিশ্চিত করেছে, আগামী কোরবানির ঈদে পর্দায় আসছে শাকিবের ‘বিদ্রাহী’ সিনেমাটি।

আসন্ন ঈদুল আজহায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নিজেস্ব ওটিটি প্লাটফর্ম সিনেবাজ অ্যাপে মুক্তি পাবে ‘বিদ্রোহী’। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিদ্রোহী ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটিতে শাকিবের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন নায়িকা শবনম বুবলী। এছাড়া এতে নতুন নায়িকা হিসেবে সুচিস্মিতা মৃদুলাকে দেখা যাবে। হলে মুক্তি না দিয়ে প্রথমেই ওটিটি মাধ্যমে ছবিটির মুক্তি প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘চাইলেও ছবিটি সিনেমা হলে মুক্তি দিতে পারছি না। কারণ সিনেমা হল বন্ধ। কখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, হলে দর্শক সমাগম হবে সেটা নিশ্চিত নয়। তাই অ্যাপেই এটি মুক্তি দেবো। তবে কোরবানি ঈদের সময় হল খোলা পাওয়া গেলে, সবকিছু অনুকূলে থাকলে সিনেমা হল নিয়েও চিন্তা করবো।’

এদিকে, ওটিটিতে ছবিটি দেখতে দর্শকদের কত টাকা গুণতে হবে সে বিষয়ে পরে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানান।