নাশকতার দুই মামলায় জামিন পেলেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা আসলাম চৌধুরী। একই সঙ্গে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।
২০১৬ সালে দিল্লি ও আগ্রার তাজমহল এলাকায় ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বিভিন্ন অনুষ্ঠানে দেখা-সাক্ষাতের বেশ কিছু ছবি প্রকাশিত হয়। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক তোলপাড় হয়। ঐ বছরের ১৫ মে সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়াকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ঐ বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলা। এ মামলায় জামিনে আছেন আসলাম চৌধুরী। পরে তাকে রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানায় ২০১৩ সালে দায়ের করা নাশকতার দুটি মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। এই দুটি মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানান আইনজীবীরা।
