চলন্ত বাসে ধর্ষণ

পাঁচ আসামির জিজ্ঞাসাবাদ চলছে চালক কারাগারে

আপডেট : ৩০ মে ২০২১, ২১:৫৪

সাভারের আশুলিয়ায় চলন্ত মিনিবাসে এক যাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঐ বাসের চালক সুমন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে পুলিশ আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত অন্য পাঁচ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আশুলিয়া থানা পুলিশ তাদের  জিজ্ঞাসাবাদ করছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. সাহাজাদী তাহমিদা গত শনিবার এ আদেশ দেন।  

রিমান্ডে নেওয়া অভিযুক্তরা হলো আরিয়ান, সাজু, মনোয়ার, সোহাগ ও সাইফুল ইসলাম। এছাড়া কারাগারে পাঠানো হয়েছে বাসের চালক সুমনকে।  আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়াউল            ইসলাম জানান, তিন দিনের রিমান্ডের প্রথম দিন তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তবে এ মামলার অন্যতম প্রত্যক্ষদর্শী ঐ তরুণীর পুরুষ সহযাত্রী পুুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরেই সড়ক-মহাসড়কে বাস চালানোর পাশাপাশি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে।   

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ায় একটি চলন্ত বাসে অভিযুক্ত বাসচালক, হেলপারসহ ছয় জন মিলে ঐ নারী  যাত্রীকে  দলবদ্ধভাবে ধর্ষণ করে। রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী।