সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের হস্তক্ষেপে অবশেষে জমির দখল বুঝে পেল সুনামগঞ্জের দিরাই উপজেলার বাউল শাহ আব্দুল করিমের পরিবার।
একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিমের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে। অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা শাহ আব্দুল করিম ভূমিহীন ছিলেন। ১৯৬৪ সালে স্থানীয় প্রশাসন জালালপুর গ্রামের পাশে তাকে ২ একর ১১ শতক জমি স্থায়ীভাবে বন্দোবস্ত দেয়। এই জমি তার নামে রেকর্ড হয়েছে। শুরু থেকেই জমির খাজনাও পরিশোধ করেছেন। কিন্তু স্থানীয় একটি পক্ষের বাধার কারণে জীবিত অবস্থায় জমির দখলে যেতে পারেননি। ২০০৯ সালে মারা যান শাহ আব্দুল করিম। এরপর নানাভাবে জমির দখল পাওয়ার চেষ্টা করেন তার ছেলে বাউল শাহ নূর জালাল। অবশেষে সেই জমির দখল বুঝে পেলেন তিনি।
একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর সংস্কৃতি প্রতিমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সঙ্গে যোগাযোগ করে শাহ আব্দুল করিমের পরিবারকে জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
এর পরিপ্রেক্ষিতে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন গত মঙ্গলবার উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উজানধল গ্রামে গিয়ে শাহ আব্দুল করিমের ছেলে শাহ নূর জালালসহ অন্যদের নিয়ে দিনভর জমি মাপজোক করেন। ঐদিন বিকালে সাইনবোর্ড টাঙিয়ে তাকে জমি বুঝিয়ে দেওয়া হয়।
