রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিত্সাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, আমাদের দুঃখ হয়, যে নেত্রী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর কারা নির্যাতন ভোগ করেছেন, তার চিকিত্সার জন্য আজকে সুযোগ দেওয়া হয় না। বারবার বলা হয়েছে যে, তার উন্নত চিকিত্সা দরকার। কিন্তু সরকার তাদের প্রতিহিংসার রাজনীতির কারণে সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করছে।
