গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার একটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার কাঁচামালের গুদামে রবিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, দুপুর সোয়া ২টার দিকে ঐ এলাকার মোশারফ কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার কাঁচামালের (র কটনের) গুদামে আগুন লাগে। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। গাজীপুরের শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কারখানার বিভিন্ন কাঁচামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
