রাজধানীর মহাখালী আমতলীতে রাস্তার পাশ থেকে ড্রামের মধ্যে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের চার হাত-পা ও মাথা পাওয়া যায়নি। শুধু ‘দেহ’ বস্তায় পেঁচিয়ে প্লাস্টিকের বড় ড্রামে ঢোকানো ছিল। গতকাল রবিবার রাতে লাশটি উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
বনানী থানার এসআই সামছুর রহমান বলেন, লাশটি পুরুষের। শরীর দেখে মনে হয়েছে তার বয়স ৩০-৩৫ বছর। হাত-পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন। সেগুলো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এক-দুই দিন আগে কোথাও তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত-পা ও গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি জানান, যেখানে লাশ ভর্তি ড্রামটি পড়েছিল, তার আশপাশে বেশ কয়েকটি দোকান রয়েছে। রাত ৮টার দিকে মহাখালী এলাকায় যখন বৃষ্টি হচ্ছিল তখন কেউ গাড়িতে করে সেটি ফেলে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমতলীর রাস্তার পাশে একটি ড্রাম দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। সেটি খুলে লাশ দেখে খবর দেওয়া হয় পুলিশকে।
