পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
খুলনা-পাইকগাছা সড়ক খানাখন্দে বেহাল। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও পথচারীরা। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকায় দুর্ভোগ আরো বেড়ে গেছে। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় বাজারের ব্যবসায়ী মো. হযরত আলী বলেন, মালামাল পরিবহনের জন্য কোনো ভ্যান, নসিমন-করিমন আসতে চায় না খানাখন্দে ভরা এ সড়কে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, খুলনার আঠারো মাইল থেকে পাইকগাছা পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কে খানাখন্দ রয়েছে। সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। খুলনা-৬ সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু বলেন, পাইকগাছা-কয়রা সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে।
