স্বরূপকাঠি ও নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২১, ২১:০১

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা 

স্বরূপকাঠিতে মঙ্গলবার সকালে পুকুরে ডুবে খাদিজা আক্তার (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বালিহারী গ্রামে ঐ দুর্ঘটনা ঘটেছে। খাদিজা ঐ গ্রামের মো. মুনিরুল ইসলামের মেয়ে। নিহত শিশুর চাচা মো. সিরাজুল ইসলাম জানান, খাদিজা সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিত্সক ডা. হালিমা প্রধান দোলা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, নাঙ্গলকোটে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে আয়েশা আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া গ্রামে। শিশুটি মক্রবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমানের মেয়ে। বৃষ্টির মধ্যে খেলার ছলে সে ঘর থেকে বের হয়। একপর্যায়ে গর্তে জমে থাকা পানিতে পড়ে মারা যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর গর্তে আয়েশার লাশ দেখতে পায়।