করোনায় বিপাকে ইবির অসচ্ছল শিক্ষার্থীরা

আপডেট : ০১ জুন ২০২১, ২১:০২

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

করোনা ভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে আর্থিক সংকট, সামাজিক চাপ ও সেশনজটসহ নানা চাপে বিপাকে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পড়ুয়া আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা। এতে চরম হতাশা আর অনিশ্চয়তায় দিন পার করছেন তারা। জানা যায়, ক্রমাগত লকডাউন বৃদ্ধি পাওয়ায় শিক্ষাক্রম ব্যাহত হয়ে যেমন সেশনজটের সৃষ্টি হচ্ছে, তেমনি টিউশনি ও খণ্ডকালীন চাকরি করে পড়াশোনার খরচ জোগানো শিক্ষার্থীদের আয়ের সব পথ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে অনেক পরিবারের একমাত্র আয়ের উত্স। বাধ্য হয়ে ছোটখাটো চাকরির দিকে ঝুঁকছেন কেউ কেউ। বিপাকে পড়েছেন পড়াশোনা শেষ করা চাকরিপ্রার্থীরাও। অনেকের সরকারি চাকরির বয়সও শেষ হওয়ার পথে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ (ছদ্মনাম) বলেন, টিউশনি করে নিজের খরচ চালানোর পাশাপাশি মাকে টাকা পাঠাতাম। লকডাউনে নিজেই বেকার বসে আছি। তাছাড়া চাকরির বয়স তো থেমে নেই। পারিপার্শ্বিক চাপে অসুস্থ হয়ে গেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, ভিসি স্যার অসুস্থ। উনি ফিরে আসলে বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।