বজ্রপাতে শিশুসহ চার জনের মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২১, ২১:০২

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে বজ্রপাতে শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। সোম ও মঙ্গলবার বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

নেত্রকোনা :নেত্রকোনার দুর্গাপুর এবং কেন্দুয়ায় বজ্রপাতে দুই জন প্রাণ হারিয়েছেন। সোমবার দুপুরে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের ছাবেদ আলীর ছেলে ইকবাল হোসেন (২৪) মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। অন্যদিকে কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সুমন মিয়া বজ্রপাতে মারা যান। নেত্রকোনার ডিসি কাজী মো. আবদুর রহমান জানান, দুর্গাপুর ও কেন্দুয়ায় বজ্রপাতে মৃত্যুর বিষয়টি সোমবার সন্ধ্যায় জানা গেছে। এই নিয়ে গত এক মাসে নেত্রকোনায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন থেকে প্রত্যেক পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নেত্রকোনার এসপি আকবর আলী মুনশী সোমবার বজ্রপাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কামারখন্দ (সিরাজগঞ্জ) :কামারখন্দে মঙ্গলবার সকালে বজ্রপাতে নুরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নুরুল ইসলাম কামারখন্দ উপজেলার চরবড়ধুল গ্রামের ইয়াছিন মণ্ডলের ছেলে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, গোয়ালঘর থেকে গরু বের করার সময় বজ্রপাতে নুরুল ইসলামের শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে গাভিটিও মারা যায়।

বাগমারা (রাজশাহী) :উপজেলার বাসুপাড়া ইউনিয়ন দেউলা চৌরাস্তার এনা পার্কসংলগ্ন বস্তিতে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে আকাশ হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় এ ঘটনা ঘটে। আকাশ হোসেন ঐ বস্তির আতাউর রহমানের ছেলে। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, বজ্রপাতজনিত মৃত্যু হওয়ায় লাশ দাফনে কোনো সমস্যা নেই।