সংবাদ সংক্ষেপ

আপডেট : ০১ জুন ২০২১, ২১:০৩

রংপুরে বিপুল নকল ব্যান্ডরোলসহ এক জন আটক

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরের হারাগাছের জয়বাংলা বাজার ধুমের কুঠি কামারটারী এলাকা থেকে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক রাজ্জাকুল হারাগাছ থানার মৃত নুর ইসলামের ছেলে। পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান এক প্রেস বার্তায় জানান, জয়বাংলা বাজার ধুমের কুঠি কামারটারী এলাকায় অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা থেকে ৫৫০ পাতা ব্যান্ডরোল প্রতি পাতায় ১২০টি করে মোট ৬৬ হাজারটি (যার মূল্য ৬ লাখ ৪০ হাজার ৮৬০ টাকা) জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে হারাগাছ থানায় মামলা দায়ের হয়েছে। 

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলবায়ু পরিবর্তন, নিরাপদ খাদ্য, অস্বাস্থ্যকর খাবার ও শারীরিক ক্ষত-প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মাদ ওমর ফয়সলের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

কিশোরগঞ্জ প্রতিনিধি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্যাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. মো. হেলালউদ্দিন। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান।

সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) সংবাদদাতা ‘উত্পাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে মান্দায় দুই দিনব্যাপী সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং মান্দা উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে এ কোর্সটি অনুষ্ঠিত হয়। মান্দা উপজেলা পরিষদের বরেন্দ্র হলরুমে এ প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক দেওয়ান ফারুকুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।

বিশ্ব দুগ্ধ দিবসে শোভাযাত্রা

নেত্রকোনা প্রতিনিধি বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে নেত্রকোনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা প্রাণিসম্পদ অফিস থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

সুজানগর (পাবনা) সংবাদদাতা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিমূল্যে উপজেলার দুই কৃষকের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কম্বাইণ্ড হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে কম্বাইণ্ড হারভেস্টার দুইটি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী।

 

 

০