কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের দত্তপুর গ্রাম। এই গ্রামের পাশাপাশি দু’প্রান্ত দিয়ে চলে গেছে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ। এখানে রেল ও সড়কপথ উত্তর-দক্ষিণমুখী হলেও নদীটি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত। যার নাম গুইঙ্গাজুড়ি। প্রায় এক যুগ আগে নদীটির দত্তপুর অংশে সেতু সংলগ্ন রেল ও সড়ক পথের মাঝে নদীর উত্তর পাড় ঘেঁষে নির্মাণ করা হয় একটি আধুনিক রাইস মিল। মিলটির পরিত্যক্ত বর্জ্য, তুষ বা ব্যবহূত জ্বালানির ছাই গুইঙ্গাজুড়ি নদীতে ফেলায় একদিকে যেমন নদী ভরাট হয়েছে, তেমনি দূষিত হয়েছে নদীর পানি। ঘনবসতিপূর্ণ এলাকার নদীর পানি একসময় স্থানীয়দের গোসল ও কাপড় ধোয়াসহ শুষ্ক মৌসুমে কৃষকদের চাষাবাদের কাজে ব্যবহূত হলেও এখন নদীর পানি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। মিলের সমস্ত বর্জ্য সরাসরি নদীতে ফেলায় নদীর বেশ কিছু অংশ ভরাট হয়ে গেছে। একইসঙ্গে শ্রমিকদের টয়লেটের সংযোগও নদীতে। এতে বর্জ্যের বিষাক্ততায় নদীর মাছ, জলজ অন্যান্য প্রাণীও গেছে ধ্বংস হয়ে। নদীর পানি এতটাই বিষাক্ত যে, হাত-পায়ে লাগলে চুলকানি শুরু হয়। এক বছর আগে বাগমারা এলাকায় নদীটি খনন করা হলেও রাইস মিলের পাশের অংশটি অজ্ঞাত কারণে খনন করা হয়নি! নদীটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০
