চলন্ত ট্রেনে পাথর কাদা ঢিল ছোড়া নয়

আপডেট : ০১ জুন ২০২১, ২১:০৬

করোনার হানা আর লকডাউনে অন্যান্য যাত্রী পরিবহনসেবার মতো যাত্রীবাহী ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ ছিল। অনেকদিন বাদে রেলওয়েতে যাত্রীবাহী ট্রেনগুলোর চাকা ঘুরতে শুরু করেছে। তাই নতুন করে শঙ্কাও জাগছে ফের ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া সন্ত্রাসের। আর তাতেই নিরাপদ বাহন ট্রেনে চেপেও যাত্রীরা অনিরাপদ বোধ করছেন। আগেও কাদা কিংবা পাথর সন্ত্রাসের দৌরাত্ম্যে প্রায়ই গুরুতর আহত হয়েছেন যাত্রীরা। প্রায়ই টেলিভিশন, সংবাদপত্র জুড়ে পাথর সন্ত্রাসের কারণে আহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। ট্রেন লক্ষ্য করে কাদা, পাথর ছোড়ার ফলে কারো চোখে কিংবা কপালে লেগে রক্ত ঝরেছে। কেউবা চিরতরে হারিয়ে ফেলছেন দৃষ্টিশক্তি। এমনকি প্রাণহানিও হয়েছে। কখনো কখনো লোকো মাস্টাররাও পাথর সন্ত্রাসের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। তাতে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। কখনো ভাগ্য সুপ্রসন্ন হলে ঢিল, কাদা এদিক-ওদিক হয়ে কেউই হয়তো জখম হচ্ছেন না। তবে ট্রেন কোচের জানালার কাচ ভেঙে, কোচের গায়ে ক্রাচ পড়ে ক্ষতি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের।

যারাই চলন্ত ট্রেনে পাথর, কাদা ছুড়ে মারছে তাদের কাছে এটা একটা খেলা। তারা নিতান্তই খেলার ছলে রেললাইন থেকেই পাথর তুলে সেই পাথর ছুড়ে মারছে ট্রেন লক্ষ্য করে। ঝুঁকিতে ফেলছে হাজারো যাত্রীর গন্তব্যে যাত্রাকে। চিরতরে  বন্ধ হোক এই জঘন্য, নিকৃষ্ট খেলা। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তত্পরতা আরো বিস্তৃত হোক এই পাথর সন্ত্রাস রুখতে। আসুন আমরা নিজে সচেতন হই, অপরকেও সচেতন করি। আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় নিরাপদ হোক ট্রেনযাত্রা। রক্ষা হোক কোটি কোটি টাকার এই রাষ্ট্রীয় সম্পদ। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহযোগিতা করি পাথর সন্ত্রাসীদের শনাক্ত করতে এবং শাস্তির আওতায় আনতে।

মঈনুল হক খান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া