বৃষ্টির পানি জমে সড়কে গর্ত তীব্র যানজটে দুর্ভোগ

আপডেট : ০১ জুন ২০২১, ২১:১০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথে সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে তলিয়ে গেছে। এতে নির্মাণাধীন সড়কটির অনেক স্থানে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দকে। পানিতে তলিয়ে থাকায় সড়কে অনেক স্থানে যানবাহন বিকল হয়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে যাত্রীরা চমর দুর্ভোগে পড়ে।

গতকাল ভোরে গাজীপুরে মুষলধারে বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে ভোগড়া বাইপাস, চৌধুরী বাড়ি, চান্দনা চৌরাস্তা, সাইনবোর্ড, তারগাছ, চেরাগআলী, স্টেশন রোডসহ বিভিন্ন স্থানে সড়ক পানিতে তলিয়ে যায়। এতে করে সকালে যে সব যাত্রী অফিসগামী ছিলেন তারা পড়েন চরম দুর্ভোগে। ফলে এসব স্থান দিয়ে যানবাহন চলাচলে মারাত্মকভাবে বিঘ্নিত হয়। বৃষ্টির পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন এলাকায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে ঢাকামুখী ও উত্তরাঞ্চলগামী বিভিন্ন যানবাহনের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে  অপেক্ষা করে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের উভয় পাশে বিআরটি কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য যে ড্রেন নির্মাণ করছেন তা সচল নেই। ড্রেন বালি, মাটি ও পলিথিনে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। এ ছাড়া চান্দনা চৌরাস্তা মোড়ে পশ্চিম-দক্ষিণ পাশে জমে থাকা বৃষ্টির পানি খুব ধীর গতিতে নামার কারণে তলিয়ে যায় পুরো চৌরাস্তা। ফলে যানবাহন ও মানুষ চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। এ ছাড়া মহাসড়কে বৃষ্টির পানি জমে থাকা খানাখন্দকে বিভিন্ন গন্তব্যের যানবাহনকে অত্যন্ত ধীরগতিতে ও ঝুঁকিপূর্ণভাবে চলাচল করায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বিআরটি প্রকল্পের পরিচালক ও সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএসএম ইলিয়াস শাহ জানান, বৃষ্টির পানিতে নির্মাণাধীন সড়কটির বিভিন্ন অংশে মেরামতের কাজ চলছে। এ ছাড়া জমে থাকা পানি নিষ্কাশন করার জন্য চেষ্টা করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। পানি নেমে গেলে দ্রুত সড়কটি মেরামত করা হবে।