আইপিএল

ছাড়পত্র পাবেন না সাকিব-মুস্তাফিজ

আপডেট : ০১ জুন ২০২১, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের কারণে গত মাসে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। তারপর থেকেই টুর্নামেন্টের বাকি অংশ আয়োজনের চেষ্টায় ছিল বিসিসিআই। শ্রীলঙ্কা, ইংল্যান্ডের কাউন্টি ক্লাবগুলো আগ্রহ প্রকাশ করেছিল আইপিএলের স্বাগতিক হতে। শেষ পর্যন্ত বিসিসিআই সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে। দুবাই, শারজাহ, আবুধাবির তিন ভেন্যুতে টুর্নামেন্টের অবশিষ্ট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর। করোনাকালে গত বছরও আমিরাতে হয়েছিল আইপিএল।

তবে আইপিএলের বাকি অংশে খেলার ছাড়পত্র পাবেন না বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। কারণ তখন বাংলাদেশ দলের আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততা থাকবে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের যে সূচি, ওদের ছাড়পত্র পাওয়াটা প্রায় অসম্ভব। আমি কোনো সম্ভাবনা দেখছি না, কোনো সুযোগও। বিশ্বকাপ আসছে, যার কারণে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

সেদিক থেকে আইপিএলের বাকি অংশে কলকাতা নাইট রাইডার্স পাবে না সাকিবকে, রাজস্থান রয়্যালসও মিস করবে মুস্তাফিজের সার্ভিস। সাকিব অবশ্য শেষ চার ম্যাচে কলকাতার একাদশেই জায়গা পাননি। তবে মুস্তাফিজ ছিলেন রাজস্থানের পেস আক্রমণের মূল অস্ত্র। তাদের জন্য কাটার মাস্টারকে না পাওয়া বড় ধাক্কাই বটে। জুলাইয়ে জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেই টানা হোম সিরিজ খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আসবে বাংলাদেশ সফরে। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ২৮ জুলাই পাঁচটি টি-২০ খেলতে আসবে অস্ট্রেলিয়া। প্রথম টি-২০ ম্যাচটি হতে পারে ২ আগস্ট। এরপর নিউজিল্যান্ড আসবে বাংলাদেশে।

ইংল্যান্ড তিনটি করে ওয়ানডে, টি-২০ খেলবে টাইগারদের বিরুদ্ধে। ওয়ানডে সিরিজটি হবে ওডিআই সুপার লিগের অধীনে। এবং খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। যেখানে পূর্ণশক্তির দল চায় বিসিবি। তাই সাকিব-মুস্তাফিজকে আইপিএলের জন্য ছাড়ার সম্ভাবনা নেই। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা পূর্ণ শক্তির দল নিয়ে ইংল্যান্ড সিরিজে খেলতে চাই। সেক্ষেত্রে পুরো দলের এক সঙ্গে অনুশীলন করাটা গুরুত্বপূর্ণ। সুপার লিগ ও টি-২০ বিশ্বকাপ দুটোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’