একাদশ গঠনে মন লাগিয়েছেন জেমি

আপডেট : ০১ জুন ২০২১, ২১:২৯

স্পোর্টস রিপোর্টার

হাতে আর এক দিন সময় আছে। আগামীকাল কাতারে বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের অবশিষ্ট ম্যাচগুলো শুরু হবে। বৃস্পতিবার বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। দোহায় আজই শেষ দিনের অনুশীলন। কোচ জেমি এখন একাদশ সাজানোয় পরিকল্পনায় মাথা ঘামাচ্ছেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার কথা মুখে বলা দরকার তাই বলেন সবাই। কিন্তু বাস্তবের জমিনের সঙ্গে পার্থক্যটা যে অনেক, ফুটবল দায়িত্বপ্রাপ্তরা সেটা প্রকাশ না করলেও যারা ফুটবলের খবর রাখেন তারা জানেন। আফগানিস্তান কতটা প্রস্তুতি নিয়ে কাতার এসেছে। তাদের প্রস্তুতির সঙ্গে বাংলাদেশের প্রস্তুতির কোনো মিল নেই। বাংলাদেশ শুধু নিজেদের মধ্যে খেলে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি নিয়েছে। আক্ষেপ আছে, মনে কষ্ট আছে, প্রকাশ করে লাভ নেই। তাই এখন খেলোয়াড়রা ঘাটতির কথা না বলে সামনে এগিয়ে যাওয়ার ভাবনায় ব্যস্ত।

কোচ জেমি ডে তার ডায়রিতে একাদশ সাজাচ্ছেন। সেটা নিয়ে সহকারীদের সঙ্গে কথা বলছেন। কাকে কোথায় খেলাবেন তা নিয়ে ছক তৈরি করছেন। কিন্তু মূল মাঠে একটি বারের জন্য পরিকল্পিত একাদশ পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন না। আগামীকাল যে মাঠে মূল ম্যাচ সেই মাঠে নিয়ম অনুযায়ী আজ অনুশীলন করার সুযোগ পাওয়ার কথা। কিন্তু কোভিডের ভয়ে জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুশীলন নিষেধ করা হয়েছে। তার বদলে কাতার ইউনিভার্সিটি মাঠে বাংলাদেশের সময় সন্ধ্যা সাড়ে ৭টা হতে সাড়ে ৯টা পর্যন্ত অনুশীলন করতে বলা হয়েছে। গতকাল রাতেই এই মাঠেই অনুশীলন করেছেন জামাল ভুঁইয়া, সোহেল রানা, ইব্রাহিম, মতিন মিয়া, সুফিলরা। আর সকালে দুই ভাগে বিভক্ত হয়ে খেলোয়াড়রা স্ট্রেচিং করে। জিম সুইমিং করে। ম্যাচের সময় ঘনিয়ে আসলে অনুশীলনের ওজনটাও একটু কমিয়ে দেন কোচ।

দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ফুটবল দলের প্রস্তুতি নিয়ে অনেক কথাই ঢাকায় অনুশীলন শেষে বলেছিলেন। এখন সেসব নিয়ে ভাবেন না। সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছেন মাঝমাঠের এই প্লেমেকার। আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচও খেলেছেন তিনি। এবার এই ম্যাচটি খেললে জামাল ভুঁইয়ার ক্যারিয়ারে অর্ধশত ম্যাচ পূর্ণ করবেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে ২০১৩ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ক্লাব ফুটবলের কঠিন পথ মাড়িয়ে জাতীয় দলের জার্সি পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল ডেনমার্ক হতে বাংলাদেশে আসা জামালকে। অনেক স্বপ্ন নিয়ে এদেশের ফুটবলে পা রেখেছিলেন। তার সিরিয়াসনেস নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। এমিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় পর্বে উঠেছিল বাংলাদেশ। এই জামালের সেই গোলে ইতিহাস হয়েছিল ইন্দোনেশিয়ায় জাকার্তা এশিয়ান গেমসে। যোগ্যতা দিয়ে জামাল ভুঁইয়া আজ জাতীয় দলের অধিনায়ক হয়েছেন।