সিলেটে ভূমিকম্প আতঙ্ক কাটেনি

নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো খালি করতে তত্পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

আপডেট : ০১ জুন ২০২১, ২১:৩৮

সিলেটে ভূমিকম্প নিয়ে আতঙ্ক কাটেনি এখানো। গত দুই দিন দফায় দফায় ভূমিকম্প হলে সর্বত্র আতঙ্ক দেখা দেয়। নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ কার্যকর করতে সিসিকের দায়িত্বশীল কর্মকর্তারা অভিযান পরিচালনা করছেন। 

এদিকে গত শনি ও রবিবার ভূমিকম্পের পর নগরীর আম্বরখানা মণিপুরীপাড়ায় পুকুরপাড়ের তিন তলা ভবনটি ঝুঁকির মুখে পড়েছে। সোমবার বিকালে অতিবৃষ্টির পর পুকুরপাড়ের গার্ডওয়ালটি ভেঙে পড়লে ভবনটি ঝুঁকির মুখে পড়ে। ঐ তিন তলা ভবনের নিচ তলার ফ্লোরের ফাটল ও গার্ডওয়াল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়ল কি না, তা এখনো নির্ণয় করা হয়নি। সিসিকের ৪ নম্বর ওয়ার্ড কমিশনার কয়েস লোদী ইত্তেফাককে জানান, খবর পেয়ে দ্রুত তারা সেখানে যান এবং ঐ ভবনে বসবাসরত পাঁচটি পরিবারকে নিরাপদে সরে যেতে পরামর্শ দেন। 

অন্যদিকে সিসিক নির্মিত ঐ গার্ডওয়ালটি ধসে পড়ার খবর পেয়ে সিসিকের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা দ্রুত পুকুরপাড়ে বালির বস্তা দিয়ে তীর সংরক্ষণের কথা বলেছেন এবং পুকুরের পানি সেচ না দেওয়ার নির্দেশনা দেন।      

সিলেট সিটি কর্তৃপক্ষ ২০১৯ সালের ৩০ এপ্রিল নগরের ২৩টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। এর মধ্যে করপোরেশনের মালিকানাধীন সিটি সুপার মার্কেটও (তিন তলা) আছে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ বিপণিবিতানে ৩৪৫টি দোকান রয়েছে। সিটি কর্তৃপক্ষের কাছ থেকে দোকান ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা।