রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ৩টা থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুই জনের করোনা পজেটিভ এবং ৯ জনের করোনার উপসর্গ ছিল। এর আগে গত শনিবার থেকে রবিবার পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ হয়ে মারা গেছেন রাজশাহী মহানগরীর রাজপাড়ার মজিরন বিবি ও চাঁপাইনবাবগঞ্জের মাহাতাব হোসেন। অন্যদিকে করোনার উপসর্গে নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন—রাজশাহীর কাটাখালির মনজুরা বেগম, নাটোরের জমসেদ, কামাল খান, শাহাবুদ্দিন, চাঁপাইনবাবগঞ্জের সোনাভান বিবি, শিরিনা বেগম, নাজমা বেগম, নওগাঁর আরেকা খানম ও মাজেদ আলী।
উপ-পরিচালক আরো জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২১৫ জন চিকিত্সাধীন রয়েছেন। এদের মধ্যে ৯১ জনের করোনা পজিটিভ। বাকিরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।
