নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিনের ছেলে বহু মামলার আসামি সোলায়মান মিয়া (৩৭) গতকাল মঙ্গলবার দুপুরে গণপিটুনিতে নিহত হয়েছে। সোলায়মানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ রূপগঞ্জ, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার থানায় বহু মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ১০/১২ জন যুবক তারাবো পৌরসভার গন্ধর্বপুর নামাপাড়া এলাকায় প্রবেশ করে। গ্রামবাসীর ধারণা, ডাকাতি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা নামাপাড়া এলাকায় আসে। তখন গ্রামবাসী গন্ধর্বপুর নামাপাড়া দারুল উলুম জামে মসজিদের মাইকে গ্রামে ডাকাত প্রবেশ করছে মর্মে ঘোষণা দেওয়া হয়। গ্রামবাসী বহিরাগত এ যুবকদের ধাওয়া করলে ফাঁকা গুলিবর্ষণ করতে করতে তারা পালিয়ে যেতে চেষ্টা করে। শিশু ও মহিলারা আতঙ্কিত হয়ে পড়ে। তখন উত্তেজিত গ্রামবাসী যুবকদের ঘেরাও করে সোলায়মানকে জাপটে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে সোলায়মান মিয়াকে উদ্ধার করে প্রথমে কর্ণগোপ এলাকার ইউএস বাংলা হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক সোলায়মান মিয়াকে মৃত ঘোষণা করেন। সোলায়মানের মাথায়, পিঠে, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে।
