গাজীপুরে তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মরণে আলোচনাসভা

আপডেট : ০২ জুন ২০২১, ০০:৩৪

গণমুখী সাংবাদিকতার পথিকৃত ও নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী গাজীপুরে পালিত হয়েছে। গতকাল বিকালে নগরীর হাবিবুল্লাহ সরণির একটি পত্রিকা অফিসে এ উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক ও ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক।

মরহুমের কর্মময় জীবনের নানা অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক আলমগীর হোসেন, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি এম নজরুল ইসলাম, যুগান্তরের জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপন, ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা আসাদুজ্জামান সাদ, বাংলাভূমি পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম আজাহার ও সাপ্তাহিক ভাওয়ালের প্রকাশক মো. মনিরুজ্জামান প্রমুখ। পরে মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।