মমতার তৃণমূলে যোগ দিতে আগ্রহী বিজেপির ডজন খানেক এমপি-বিধায়ক

আপডেট : ০২ জুন ২০২১, ০০:৩৮

পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ছেড়ে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছিলেন বেশ কয়েক জন নেতা। কিন্তু নির্বাচনে তাদের বেশির ভাগই পরাজিত হয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার এক মাসের মধ্যে আবার তৃণমূলে ফিরতে জোর তত্পরতা চালাচ্ছেন তাদের অনেকেই। শুধু তৃণমূল ছেড়ে যাওয়া নেতারা নন, এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন বিজেপির হয়ে নির্বাচিত সাত থেকে আট জন বিধান এবং এবং তিন থেকে চার জন এমপি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এ কথা জানিয়েছেন। তার দাবি এসব বিধায়ক ও এমপিরা এখন তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে দলের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

খবরে বলা হয়েছে, সর্বশেষ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে মমতার দল। তৃণমূল ২৯২ আসনের মধ্যে ২১৩টিতে জয়লাভ করেছে। আর বিজেপি জিতেছে ৭৭টি আসনে। এখন তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের আবারও দলে ফেরার প্রবণতা দেখা যাচ্ছে। সাবেক বিধায়ক সোনালি গুহ প্রকাশ্যে তৃণমূলে ফেরার আগ্রহ দেখিয়েছিলেন। ফুটবলার থেকে রাজনীতিক হওয়া দিপেন্দ্যু বিশ্বাস মমতা ব্যানার্জিকে জানিয়েছেন, তিনি আবারও তৃণমূলের পতাকা বহন করতে চান। সরলা মুর্মু, অমল আচার্য্যের নামও রয়েছে এই তালিকায়। আবারও তৃণমূলে ফেরার চিন্তাভাবনা করছেন সাবেক মন্ত্রী রাজীব ব্যানার্জি।

কুনাল ঘোষ এনডিটিভিকে বলেন, এসব নেতা দল ছাড়লেও মুখ্যমন্ত্রী মমতার নেতা ও কর্মীদের প্রচেষ্টায় আমরা আবারও জয়ী হয়েছি। এখন শুধু তারা নন, সদ্য বিজয়ী বিজেপির সাত থেকে আট জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিন থেকে চার জন বর্তমান এমপিও যোগ দিতে চাইছেন। তবে তাদের দলে ভেড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি।

পশ্চিমবঙ্গে বিজেপির নেতা শামিক ভট্টাচার্য বলেন, নির্বাচনের আগে তৃণমূলের অনেক নেতা ভেবেছিলেন আমরা ক্ষমতায় আসব। এজন্য কাঁদতে কাঁদতে তারা দলে ভিড়েছিলেন এখন হাসতে হাসতে দল ছাড়ছেন। কেন এসেছিলেন, কেন তারা যাচ্ছেন—জনগণ সব দেখছে।