সাভারে বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য ও তাদের মাদক সরবরাহকারী ছদ্মবেশধারী এক নারী মাদক ব্যবসায়ীসহ মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে সাভারের রেডিও কলোনীসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো—সাভারের কামাল গার্মেন্টস রোডের টুকু মিয়ার ছেলে রুহুল আমিন (২৩), একই এলাকার আবুল বাশারের ছেলে আকাশ আহমেদ (২১), বিনোদবাইদের আল-মদিনা রোডের অলি মিস্ত্রির ছেলে শাওন সিয়া (২০), মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার জিন্নাত আলীর ছেলে কবির হোসেন (২০), সে সাভারের বনপুকুর এলাকায় ভাড়া থাকত। এছাড়া ওয়াপদা রোডের সেলিম মিয়ার ছেলে হূদয় (২২) ও একই এলাকার লবণ মিয়ার ছেলে গোলাম রাব্বী (২৩)। তারা সবাই মাদক ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাব জানা গেছে।
এছাড়া সাজেদা বেগম (৪০) নামে এক ছদ্মবেশী পাগলিকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে মাদক সরবরাহ এবং তাদের সহায়তায় মাদকের ব্যবসা করতেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
