টিকা গ্রহণকারীদের জন্য সৌদি আরবে কোয়ারেন্টাইন মাফ

আপডেট : ০২ জুন ২০২১, ০০:৩৯

দুই ডোজ করোনা ভ্যাকসিন নেওয়া যে কোনো ব্যক্তি সৌদি আরব গেলে তাকে কোনো ধরনের কোয়ারেন্টাইনে যেতে হবে না। তবে এখন পর্যন্ত ভ্যাকসিন নেয়নি এমন বিদেশিদের সৌদি আরবে অবতরণের পর সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এ ক্ষেত্রে পর্যটকদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিটেক দেখাতে হবে। তবে সব ধরনের করোনা ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি সৌদি আরব। শুধু ফাইজার-বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত ভ্যাকসিন সার্টিফিকেটগুলোই গ্রহণ করা হবে। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উল্লেখিত টিকাগুলো বিশ্বব্যাপী নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। সে জন্য টিকাগুলো গ্রহণ করা পর্যটকদের কোয়ারেন্টাইন থেকে ছাড় দেওয়া হয়েছে। এ জন্য তাদের সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।