জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. ইমদাদুল হক

আপডেট : ০২ জুন ২০২১, ০০:৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. ইমদাদুল হক। যিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীববিজ্ঞান অনুষদের ডিন ছিলেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্যের দায়িত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক ড. মীজানুর রহমান গত ১৮ মার্চ উপাচার্য হিসেবে তার দ্বিতীয় মেয়াদ পূর্ণ করেন। তার মেয়াদ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামালউদ্দিন আহমেদকে রুটিন দায়িত্ব দেয় সরকার।

উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ১০ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে আরো বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর।