চীনে প্রথমবারের মতো কোনো মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের বিরল প্রজাতি এইচ১০এন৩ ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) এ তথ্য জানিয়েছে বেইজিংয়ের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হওয়া ৪১ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি পূর্ব জিয়াংসু প্রদেশের ঝিনজিয়াং শহরে। গত ২৮ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৮ মে তার দেশে এইচ১০এন৩ শনাক্ত করা হয়েছে। তবে কীভাবে তিনি সংক্রমিত হয়েছেন সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি স্বাস্থ্য কমিশন।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চীনে বার্ড ফ্লু ভাইরাসের বেশ কয়েকটি ধরন রয়েছে। এর মধ্যে কিছু মানুষকে বিক্ষিপ্তভাবে সংক্রমিত করছে। সাধারণত যারা হাঁস-মুরগির খামারে কাজ করছে তাদের মাঝেই এগুলো ছড়াচ্ছে। এইচ১০এন৩ ভ্যারিয়েন্ট মানুষের মধ্যে সহজেই ছড়িয়ে যেতে পারে এমন কোনো ইঙ্গিতও এখন পর্যন্ত নেই।
এনএইচসি জানিয়েছে, বর্তমানে আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল এবং তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে প্রস্তুত। তার ঘনিষ্ঠ ও সংস্পর্শে যারা এসেছেন তাদেরকেও পরীক্ষার আওতায় আনা হয়েছে। কিন্তু নতুন করে কারো মাঝে ভ্যারিয়েন্টটি পাওয়া যায়নি। এমনকি বিশ্বের আর কোথাও এটিতে আর কোনো মানুষ সংক্রমিত হয়নি।
এইচ১০এন৩ ভ্যারিয়েন্ট হলো কম রোগজীবাণু। যার অর্থ, এটি পোল্ট্রিগুলোতে তুলনামূলকভাবে কম গুরুতর রোগের কারণ হয় এবং এর দ্বারা বড় আকারের প্রাদুর্ভাবের সম্ভাবনা কম।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ভাইরাসটির নতুন এই ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীর সংস্পর্শের উত্স সম্পর্কে এখনো জানা যায়নি। স্থানীয় জনগণের মধ্যে পরীক্ষা করে এটির দ্বারা সংক্রমিত আর কোনো রোগীও পাওয়া যায়নি।
ইত্তেফাক/টিএ
