সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে একটি টিন সেড বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছে। বুধবার ভোর ৫ টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোডের হুমায়ুন কবিরের বাসায় বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সাথে ঝুঁকিপূর্ণ ওই বাড়িটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে প্রথমে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধরা হলো- মো. হাকিম (৩২), তার স্ত্রী মোছা. আদুরী (২৬), মো. আউয়াল (৩৫), তার স্ত্রী মোছা. রেনু (২৭), মেয়ে আফিয়া (০৮) এবং অপর ভাড়াটিয়া আফরোজা (৩০)। এদের মধ্যে একজন শিশু ছাড়া বাকি পাঁচজন গার্মেন্টসে চাকরি করে। টিনসেড ওই বাড়িটিতে তিনটি পরিবারই বসবাস করতো।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪ এর সকারী পরিচালক মো. আব্দুল আলিম বলেন, বুধবার ভোররাতে ৫ টার সময় ডেন্ডাবর কবরস্থান রোড হুমায়ূন কবিরের আধা পাকা বাড়িতে গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ হয়ে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির টিনের চালের একটি অংশ উড়ে যায় এবং দেয়ালে ফাটল দেখা যায়।
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, বাড়িটিতে বিস্ফোরণের ঘটনার পরপর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিরাপত্তার জন্য আপাতত বাড়িটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংযোগ প্রদান করা হবে।
বিস্ফোরণের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি টিম উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে তাদের বিদ্যুতের লাইনে কোন সমস্যা ছিল না।
ইত্তেফাক/এমএএম
