দশমিনায় মাদক উদ্ধার অভিযানে আটক মেম্বার প্রার্থী হাতকড়া নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় তার বড়ো ভাইসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ জুন) উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের শাহ্ কেরামতিয়া মাজার শরীফ সড়কে বেলা ১২টায় এ ঘটনা ঘটে।
থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের শাহ্ কেরামতিয়া মাজার শরীফ সড়কে সেকান্দার আলীর ছেলে ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. নজরুল মোল্লাকে মাদক উদ্ধার অভিযানে বুধবার ১২ টায় এস আই তৌসিফ সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করে।
আটকের পরে হাতকড়া লাগিয়ে নজরুল মোল্লাকে থানায় আনতে চাইলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির এক পর্যায় নজরুল মোল্লা হাতকড়া ছিঁড়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার খবর শুনে নজরুল মোল্লার বড়ো ভাই মোহাম্মদ আমীন ও পাশের বাড়ির হারুন বেপারীর ছেলে সোহাগ বেপারী ঘটনাস্থলে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে তাদের দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান চালিয়ে নজরুল মোল্লাকে আটকের এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি বাধে এবং হাতকড়া ছিঁড়ে দৌড়ে পালিয়ে যায়। নজরুল মোল্লাকে পালিয়ে যেতে সহযোগিতার অপরাধে সেকান্দার মোল্লার ছেলে মোহাম্মদ আমীন ও হারুন বেপারীর ছেলে সোহাগ বেপারীকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এসজেড
