সারেগামাপা থেকে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সংগীত পরিচালক ইথুন বাবু। মামলাটি সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল সকালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে আগামী ৬ জুলাই তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ইথুন বাবু। মামলার অভিযোগ বলা হয়েছে, সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে ইথুন বাবুকে ‘চোর’ আখ্যা দিয়ে একটি স্ট্যাটাস দেন। নোবেলের এমন স্ট্যাটাস ইথুন বাবুর ভক্তশ্রোতা, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীরা দেখতে পেয়ে তাকে অবগত করেন। প্রথমে তিনি হাতিরঝিল থানায় মামলা করতে গেলে সেটা গ্রহণ করা হয়নি। তবে সেখানে তিনি সাধারণ ডায়েরি করেন।
