‘গানটি ভৌতিক ঢঙেই গাওয়া হয়েছে’

আপডেট : ০২ জুন ২০২১, ২০:৩০

 বিনোদন প্রতিবেদক

 

প্রথমবারের মতো নাটকের একটি টাইটেল সংয়ে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। অনিমষে আইচের একটি হরর নাটকের জন্য গানটি গেয়েছেন তিনি। ‘এখানে কেউ থাকে না’ শিরোনামের এই গানটি কম্পোজ করেছেন ইউসুফ সাদী ব্যানার্জি। সম্প্রতি গানবাড়ি স্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে। গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘প্রথমবার নাটকের টাইটেল সং গাইলাম। অনিমেষ আইচ বিটিভির জন্য অনেক বড় পরিসরে কাজটি করছেন। গানটি গেয়ে ভিন্নরকম একটা অভিজ্ঞতা হয়েছে। এ ধরনের কাজ আগে কখনো করা হয়নি। কারণ যেহেতু এটা হররধর্মী একটা কাজ সেহেতু আমাকে গানটি হরর করেই গাইতে হয়েছে।’ নতুন এই অভিজ্ঞতার পাশাপাশি বর্তমানে বেশ কয়েকটি সিনেমার প্লেব্যাক নিয়েও ব্যস্ত সময় পার করছেন কোনাল। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমান ব্যস্ততা মূলত সিনেমার গান নিয়েই চলছে। সম্প্রতি কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছি এবং আরো ৪টি সিনেমার গানে দু-চার দিনের মাঝেই কণ্ঠ দেবো। পাশাপাশি ক্লাসের কাজ তো চলছেই।’

অন্যদিকে বর্তমান সময়ের গানগুলো সাড়া জাগিয়ে আবার দ্রুতই হারিয়ে যাচ্ছে। পাশাপাশি শিল্পীরা আগের মতো লেভেল কোম্পানি থেকে গান রিলিজ না দিয়ে শিল্পীরা নিজেদের ইউটিউব চ্যানেলে এককভাবে গান প্রকাশ করছেন। জনপ্রিয়তা হারিয়ে যাওয়ার এটা একটা কারণ কি-না!  এমন প্রশ্নে কোনাল আরো বলেন, ‘এটা অনেক পজিটিভ একটি দিক। সারাবিশ্বেই শিল্পীদের নিজেস্ব এই ধরার প্রচলিত রয়েছে। আর গান ভালো হলে শ্রোতারা সেটা গ্রহণ করবেই। সেটা যেখান থেকেই প্রকাশ হোক।’