স্পোর্টস রিপোর্টার
আগামী ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। করোনাকালের এই সফরে অন্তত পাঁচ থেকে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। তবে কোয়ারেন্টাইনের মেয়াদসহ বিভিন্ন বিষয় এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। গতকাল সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
মিরপুর স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে তা হলো স্বাভাবিকভাবে পাঁচ-সাত দিনের কোয়ারেন্টাইন রয়েছে। আমরা সেই হিসাব করেই কাজ করছি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আর কোনো পরিবর্তন এলে এর আওতায় আনা হবে।’এফটিপি অনুযায়ী জিম্বাবুয়ে সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। দুই বোর্ডের সমঝোতায় একটি টেস্ট কমে গেছে। টেস্ট কমিয়ে বাংলাদেশ একটি টি-২০ বাড়ানোর অনুরোধ করেছে জিম্বাবুয়ে বোর্ডকে। সে ক্ষেত্রে সফরে চারটি টি-২০ খেলবে টাইগাররা। আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ২০১৩ সালে সর্বশেষ আফ্রিকার দেশটিতে গিয়েছিল টাইগাররা। কোয়ারেন্টাইন শেষে একমাত্র টেস্ট খেলতে নামার আগে মুমিনুলরা ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন। টেস্ট ম্যাচটি বুলাওয়েতে শুরু হতে পারে ৭ জুলাই। পরে ১৬ জুলাই শুরু হওয়ার কথা ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা অবশ্য আইসিসি ওডিআই সুপার লিগের অন্তর্ভুক্ত। তাই বাংলাদেশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর ২৩ জুলাই থেকে শুরু হবে টি-২০ সিরিজ। সীমিত ওভারের সবকটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।
