স্পোর্টস রিপোর্টার
এএফসি বাফুফের কথা রাখে না অথচ বসুন্ধরা কিংসের এক অনুরোধে এএফসি কাপের চিত্র পালটে গেছে। বসুন্ধরা কিংস এএফসিকে বলেছিল জুলাইয়ে বাংলাদেশে প্রিমিয়ার ফুটবল লিগের খেলা আছে। বসুন্ধরা কিংসকে যদি এএফসি কাপে খেলতে হয় তাহলে এএফসি কাপের খেলাটা আগস্টে নিয়ে গেলে ভালো হয়। যেমন অনুরোধ তেমনি কাজ। এএফসি বসুন্ধরার চাওয়া অনুসারে কাজ করে দিয়েছে। আগস্টে এএফসি কাপের খেলা। শুধু তাই নয়, খেলার ফিকশ্চারও ঘোষণা করেছে এএফসি। ১৫ আগস্ট গ্রুপ পর্বের খেলা শুরু হবে। ১৮ আগস্ট মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন দলের বিপক্ষে বাংলাদেশের বসুন্ধরা কিংসের খেলা। এই গ্রুপের দলটি এখনো চূড়ান্ত হয়নি।
অবাক লাগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আফগানিস্তানকে বাংলাদেশে আনতে পারল না। এএফসি বাংলাদেশকে আফগানিস্তানের সঙ্গে কথা বলতে বলে। আর বসুন্ধরার চাওয়া পূরণ করে বিনা বাক্যে।
তাহলে কি বাফুফের চেয়ে বসুন্ধরা কিংসের সাংগঠনিক দক্ষতা বেশি হয়ে গেছে। তাদের একটা অনুরোধে ভারত, মালদ্বীপের দলও মেনে নিল। না মেনে নিলে কীভাবে এএফসি খেলা ফিকশ্চার ঘোষণা করল। ফিকশ্চার ঘোষণা করা হলেও কোথায় খেলা হবে সেটি জানায়নি এএফসি।
