ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইনসিওরেন্স মঙ্গলবার শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। লভ্যাংশ ঘোষণার ইতিবাচক প্রভাব দেখা গেছে গতকাল কোম্পানিটির শেয়ার দরে। লভ্যাংশ ঘোষণার ফলে গ্লোবাল ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল গতকাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার গ্লোবাল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৬ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১০ দশমিক ৩০ টাকা বা ১৮ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গ্লোবাল ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এছাড়া ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিএসপি ফাইন্যান্সের ১০ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১০ শতাংশ, ফরচুন সুজের ৯ দশমিক ৭২ শতাংশ, শাশা ডেনিমসের ৯ দশমিক ৫৯ শতাংশ, রূপালি ইনসিওরেন্সের ৯ দশমিক ৫৬ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৯ দশমিক ৩২ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৮ দশমিক ৮৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮ দশমিক ২৬ শতাংশ এবং ডেলটা লাইফ ইনসিওরেন্সের শেয়ারদর ৮ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।
