এসএসআরসি আয়োজিত অনলাইন সেমিনারে ড. আতিউর রহমান
ইত্তেফাক রিপোর্ট
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহুরে নয়, পুরোপুরি গ্রামীণই ছিলেন। মাটি থেকে উঠে আসা এই মানুষটিই আমাদের ধ্রুবতারা। বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের কারণেই আজ যে উন্নয়নের অভিযাত্রা তা নিয়ে সারা বিশ্বে আলোড়ন তৈরি হয়েছে। কোভিড দুর্যোগের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের উন্নয়ন অভিযাত্রায় রয়েছি।’ গতকাল বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ (এসএসআরসি) আয়োজিত ‘বঙ্গবন্ধুর গ্রাম উন্নয়ন ভাবনা’ শীর্ষক অনলাইন সেমিনারে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ কথা বলেন।
সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন পিকেএসএফ-এর চেয়ারম্যান, অর্থনীতিবিদ ড. খলিকুজ্জামান আহমদ এবং পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নাল বারী।
গবেষণপত্র উপস্থাপনকালে ড. আতিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু হলেন বাঙালি জাতিসত্তার প্রতীক। তিনি গ্রাম থেকে উঠে এসে সবাইকে নিয়ে নতুন এক বাংলাদেশ গড়তে আত্মপ্রত্যয়ী ছিলেন। তার উন্নয়ন দর্শনের অন্যতম দিক ছিল-গ্রামীণ উন্নয়ন। তাই বিভিন্ন নীতি প্রণয়ন ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তিনি কৃষি, ভূমি, মত্স্য, পশুপালন, ক্ষুদ্রশিল্পসহ গ্রামীণ অর্থনীতিকে অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু গ্রামীণ উন্নয়ন দর্শনের আলোকেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন এক উন্নত বাংলাদেশের অভ্যূদয় হয়েছে। তাই বাংলাদেশ এখন উন্নয়নের টেস্ট কেস নয়, উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে।
অর্থনীতিবিদ খলিকুজ্জামান আহমদ বলেন, বঙ্গবন্ধুর চিন্তা ছিল মানুষকেন্দ্রীক। তিনি দীর্ঘ রাজনৈতিক লড়াই-সংগ্রামে গ্রামে গ্রামে ঘুরে দেখেছেন মানুষের অবস্থা কেমন। সেটাই তিনি তার রাজনৈতিক ও সামাজিক দিক নির্দেশনায় নিয়ে আসেন। তিনি বরাবরই দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন। বর্তমান সময়ে আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার, পুনর্জাগরণে জোর দিতে হবে একই সাথে গ্রামীণ অর্থনীতির ভিত শক্ত রাখতে হবে। বঙ্গবন্ধুর চিন্তার সাথে মিল রেখে দেশের অর্থনীতিকে সাজাতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের উপসচিব কামরুজ্জামান অনলাইন সেমিনার সঞ্চালনা করেন।
