ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা ও যাদবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে নারীসহ চার জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাত ও বুধবার সকালে তাদের আটক করা হয়। আটকরা হলো—বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের পরেশ জয়দার, তার মেয়ে দিপালী জয়দার, নড়াইলের কালিয়ার বড়নাল গ্রামের করিম মোল্লা ও যশোরের চৌগাছার বেড়গোবিন্দপুর গ্রামের সুরত বিশ্বাস।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে কয়েক জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেছে এমন খবরের ভিত্তিতে বুধবার সকালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাটিলা সীমান্ত থেকে নারীসহ তিন জনকে আটক করা হয়। অন্যদিকে মঙ্গলবার রাতে যাদবপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সম্প্রতি ভারত থেকে অবৈধ ও বৈধভাবে আসা কোয়ারেন্টাইনে থাকা ১১ জনের করোনা শনাক্ত হয়। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিত্সা দেওয়া হচ্ছে। বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে বিজিবির টহল আরো জোরদার করা হয়েছে।
