হাটহাজারীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০২ জুন ২০২১, ২১:৩০

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীতে বুধবার সকালে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. আজম (২৪)। উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মন্দাকিনী গ্রামের নিজ দোকান থেকে লাশ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের নজব মোহাম্মদ চৌধুরীবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলমের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজম প্রতিদিনের মতো রাতে নিজ দোকানে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে দোকান না খোলায় আশপাশের দোকানি ও স্বজনরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে দোকানের দরজা ভেতর থেকে আটকানো। পরে দোকানের চালের টিন কেটে ভেতরে ঢুকে পুলিশ আজমের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।  হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন আছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আসলে বিষয়টি রহস্যজনক, ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।