রাজনীতিতে বিএনপির উপস্থিতি নিয়ে জনগণের আগ্রহ নেই :কাদের

আপডেট : ০২ জুন ২০২১, ২২:০১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে বিএনপির থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। বিএনপি এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে বলে মনে করেন তিনি। গতকাল বুধবার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতারা রাজনীতিতে সোচ্চার আছেন, তাদের এমন দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা চাই বিএনপি থাকুক তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুক এবং সরকারের গঠনমূলক সমালোচনা করুক। কিন্তু জনগণ মনে করে, বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও আছে। খালেদা জিয়ার চিকিত্সার বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব বক্তব্য বিএনপির চলমান ভাঙা রেকর্ড, যা তারা বাজিয়েই যাচ্ছে। প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিত্সা নিতে পারছেন।

সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের এসব কথায় মানুষ হাসে! বিএনপি এখনো হাওয়া ভবনের কালো চশমা পরে আছে বলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে পায় না। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি আজ উন্নয়নশীল অর্থনীতির মর্যাদায় অভিষিক্ত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নেতিবাচক রাজনীতির বৃত্তে বন্দি থাকলে সামনের দিকে তাকিয়েও তাদের কোনো লাভ নেই।