প্রণোদনা দেওয়া হচ্ছে লুটেরাদের :ফখরুল

আপডেট : ০২ জুন ২০২১, ২২:০১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনার এই দুঃসময়ে অর্থনীতিকে সচল রাখতে সবচেয়ে বেশি যেটা দরকার তা হলো দিন আনে দিন খাওয়া মানুষের জন্য সহায়তা। করোনা মহামারির ফলে দারিদ্র্যসীমার নিচে এসে গেছে প্রায় আড়াই কোটি মানুষ। আর আগের ৩ কোটি মিলিয়ে প্রায় ৬ কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে। এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে এবং অর্থনীতিকে সচল রাখতে হলে অবশ্যই দরিদ্রদের কাছে টাকা পাঠাতে হবে। অর্থনীতিবিদরা বলেছেন, ক্যাশ ট্রান্সফার করতে হবে। সেটা সরকার করছে না। এখনো তারা তেলা মাথায় তেল দিচ্ছে। অর্থাত্, যাদের শিল্প-কলকারাখানা আছে তাদেরকে আবারও প্রণোদনা দিচ্ছে। খেটে খাওয়া মানুষগুলোকে কিছুই দিচ্ছে না। মূলত তারা লুটেরাদেরকেই প্রণোদনা দিচ্ছে। গতকাল বুধবার ঢাকা জজ কোর্টে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার মো. হযরত আলী, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।