রংপুরে তিন দফায় ৫০ লাখ টাকা যৌতুক নিয়েও গৃহবধূকে নির্যাতন পাষণ্ড স্বামীর

আপডেট : ০২ জুন ২০২১, ২২:০২

তিন দফায় ৫০ লাখ টাকা নগদ, ১৭ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৭০ লাখ টাকা যৌতুক দেওয়ার পরও রংপুরে গৃহবধূ মাইশা মোজাহিদের কাছে আরো ২৫ লাখ টাকা যৌতুক দাবি করে না পাওয়ায় চলন্ত গাড়ি থেকে দুই শিশু সন্তানসহ ফেলে দেয় পাষন্ড স্বামী। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে রংপুরের কাউনিয়া উপজেলার হাজিপাড়া এলাকায়। এ ঘটনায় নির্যাতনকারী স্বামী মতিউল হাসান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। কাউনিয়া থানার হারাগাছ হাজিপাড়া এলাকার মাহমুদার রহমানের ছেলে এই সুমন। সুমনকে পুলিশ আদালতে চালান দিলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

নির্যাতনের শিকার গৃহবধূ মায়িশা বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। তবে পুলিশ অন্য আসামিদের এখনো গ্রেফতার করেনি বলে অভিযোগ স্বজনদের। মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। ফলে মায়িশা নিরাপত্তাহীনতায় আছেন ।

এ ব্যাপারে মায়িশার বাবা মোজাহিদ হোসেন ফুলু জানান, মেয়ের সুখের জন্য ৫০ লাখ টাকা দিয়েও নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারলাম না। তিনি দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রংপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু বলেন,  ছেলে যে মাদকসেবী আর যৌতুক লোভী তা জানতাম না। আমরা মামলা দায়ের করেছি ন্যায়বিচারের জন্য, আশাকরি ন্যায়বিচার পাব। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।