স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ২১ জুন। একই সঙ্গে সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সভা শেষে ইসির সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্থগিত থাকা স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও জাতীয় সংসদের উপনির্বাচনের তপশিল ঘোষণা করেন।
ইসি ঘোষিত তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন (বুধবার)। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ জুন।
ইসি সচিব বলেন, কমিশন সভায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
