বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল হচ্ছে

আপডেট : ০২ জুন ২০২১, ২২:০৬

বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযুদ্ধের বিশেষ খেতাব বাতিল হচ্ছে। এজন্য একটি প্রস্তাব মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলে গেজেটে প্রকাশ করা হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

যেসব খুনির খেতাব বাতিল হচ্ছে তারা হলেন: শরিফুল হক ডালিম বীর উত্তম, নূর চৌধুরী বীরবিক্রম, রাশেদ চৌধুরী বীর প্রতীক ও মোসলেহ উদ্দিন বীর প্রতীক। এরা সবাই সাবেক সেনা কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যার সঙ্গে জড়িত। আত্মস্বীকৃত এসব খুনিকে সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। এরা সবাই পলাতক।     জানা গেছে, গত ১০ মার্চ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১২তম সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খন্দকার মোশতাক, মাহবুল আলম চাষী ছাড়াও ঐ চার জনের খেতাব, মুক্তিযোদ্ধা সনদ, সুযোগ-সুবিধা এবং লালমুক্তি বার্তাসহ যেসব প্রমাণপত্রে মুক্তিযোদ্ধা হিসেবে নাম রয়েছে তা প্রত্যাহার করে নেওয়ার সুপারিশ করা হয়। এর মধ্যে জিয়াসহ অন্যদের ব্যাপারে আরো তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদন দিতে একটি কমিটি করে দেওয়া হয়েছে। বাকি চার জনের বিষয়ে এখন সিদ্ধান্ত হলো।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশাসনিক আদেশ দিয়ে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিশেষ খেতাবে ভূষিত করেন। ২০০৪ সালের ১১ মার্চ প্রকাশিত গেজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করা হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিদায়ি সচিব তপন কুমার ঘোষ এ প্রসঙ্গে ইত্তেফাককে বলেন, কারো খেতাব বাতিল করা বা দেওয়া ইত্যাদি যে পর্যায় থেকে করা হয় সে পর্যায়ের কর্তৃপক্ষ এ বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে অবদানের জন্য অনেককে বিশেষ খেতাব প্রদান করেছিলেন। এখন ন্যায্য কারণে প্রয়োজন হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা প্রত্যাহারের নির্দেশ দিতে পারেন।