বগুড়ার নিখোঁজ নাজমিনের লাশ ৯ দিন পর মিলল গৌরনদীর ধানখেতে

আপডেট : ০২ জুন ২০২১, ২২:০৭

নিখোঁজের ৯ দিন পর অবশেষে বগুড়ার কলেজছাত্রী নাজমিন আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার ধানখেত থেকে তার বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কলেজছাত্রীকে হত্যা করে লাশ গুমের অভিযোগে তার স্বামী সাকিব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাকিব বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনচর জাহাপুর গ্রামের ভ্যানচালক আব্দুল করিম হাওলাদারের ছেলে। তিনি বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে ঝাড়ুদার হিসেবে চাকরি করতেন।

অন্যদিকে নাজমিন বগুড়া সদর উপজেলার সাবগ্রাম উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল লতিফ প্রামাণিকের কন্যা। তিনি বগুড়ার গাবতলী সৈয়দ আহম্মেদ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ফেসবুকের মাধ্যমে সাকিবের সঙ্গে নাজমিনের পরিচয় হয়। সাকিব নিজের পরিবারের দারিদ্র্যতার কথা গোপন রেখে সচ্ছল পরিবারের মেয়ে নাজমিনকে গত বছরের ৩০ সেপ্টেম্বর বিয়ে করেছিল সাকিব।

জানা গেছে, গত ২৪ মে নাজমিনকে বাবার অসুস্থতার কথা বলে বরিশালের গৌরনদীতে ভাড়া বাড়িতে নিয়ে আসেন স্বামী সাকিব। ঐদিন রাতে তাদের ঝগড়া বাঁধে। একপর্যায়ে নাজমিনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ধানখেতে ফেলে রাখে।