দশমিনায় মাদক দিয়ে মেম্বার প্রার্থীকে ফাঁসানোর চেষ্টা

আপডেট : ০২ জুন ২০২১, ২২:০৭

দশমিনায় মাদক দিয়ে এক মেম্বার প্রার্থীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ করায় দুই জনকে আটক করা হয়েছে। এর মধ্যে এক জনকে পিটিয়ে রক্তাক্ত করেছে পুলিশ। গতকাল বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের শাহ্ কেরামতিয়া মাজার শরিফ সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হলুদ গেঞ্জি পরা এক লোক লাল একটি পোটলা মেম্বার প্রার্থী নজরুলের প্যান্টের পকেটে ঢোকানোর চেষ্টা করে। এ নিয়ে ধস্তাধস্তি হয়। এ সময় শতাধিক মানুষ জড়ো হয়ে যায়। ফুটবল খেলার দর্শক সোহাগ বেপারীসহ কয়েক জন লোক এ ঘটনার প্রতিবাদ জানালে পুলিশ দুই জনকে আটক করে। এক জনকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মাদক উদ্ধারের সঙ্গে থাকা পুলিশ সদস্য মারুফ জানান, ‘গাঁজাসহ পোটলাটি নজরুলের বাবা নিয়ে দৌড়ে পালিয়ে যায় এবং নজরুল হাতকরা ছিড়ে অর্ধেক নিয়ে পালিয়ে যায়।’ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, ‘মাদক উদ্ধার অভিযানকালে নজরুলকে আটকের একপর্যায়ে হাতকড়া ছিড়ে তিনি পালিয়ে যান। এতে সহযোগিতার অপরাধে  আমীন ও সোহাগ নামে দুই জনকে আটক করা হয়েছে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মো. তানভীর আহম্মেদ জানান, ‘পুলিশ হেফাজতে আমীন নামে এক জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।