জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেছেন, পাকিস্তানের শোষণ-শাসন, নির্যাতনের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকা রেখেছিলেন সাংবাদিকতার পথিকৃত্ তফাজ্জল হোসেন মানিক মিয়া। তিনি বলেছিলেন—রাষ্ট্র গঠনের জন্য রাজনীতি আর রাজনীতিকে সঠিকভাবে পরিচালনার জন্য সাংবাদিক। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বুধবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনারকক্ষে ‘মানিক মিয়া পরিষদ’ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তবে সাদেক সিদ্দিকী একথা বলেন।
সাদেক সিদ্দিকী বলেন, মানিক মিয়া আইয়ুববিরোধী দুঃশাসনের বিরুদ্ধে বাঙালিদের জাগরিত করেছেন। সেই জাগরিত জনগণকে নেতৃত্ব দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৯ মাসের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের আদর্শ হবে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক এবং নির্যাতন-নিপীড়ন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত। কিন্তু ’৭১ সালের ঘাতকরা তা হতে দেয়নি। তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। কিন্তু বাঙালি জাতি ৭১-এর মতো আবার ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করছেন। বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে হলে বাঙালি জাতিকে ৭১-এর মতো মুক্তিযুদ্ধের চেতনায় এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ করে দেশ পরিচালনা করতে হবে। মানিক মিয়া পরিষদের সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—মানিক মিয়া পরিষদের সহসভাপতি এম এ জলিল, কবি নাহিদ রোখসানা, ন্যাপ ভাসানির চেয়ারম্যান এম এ ভাসানি, বাংলাদেশের সাবেক উপ-হাইকমিশনার রেজাউল হক হেলাল, মানিক মিয়া পরিষদের সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, বাংলাদেশ জাসদের দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ আলী, নারী নেত্রী এলিজা রহমান, মানিক মিয়া পরিষদের দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম বাদল প্রমুখ।
