জনগণের মালিকানা প্রতিষ্ঠা ও সংবিধান রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হোন

আপডেট : ০৩ জুন ২০২১, ০০:৪৬

 ‘বর্তমানে দেশকে যে ধারায় নিয়ে যাওয়া হচ্ছে তা মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত বাংলাদেশের সংবিধানের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। তাই সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে এবং জনগণের মালিকানার রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের সংবিধান রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ গতকাল বুধবার ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটির ৫০ বছর এবং উপমহাদেশে সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থান’ শীর্ষক ওয়েবিনারে একথা বলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

ওয়েবিনারে মূলপত্র উপস্থাপনে পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উত্সবে স্বাধীনতা সংগ্রামের ক্রমধারা ও বঙ্গবন্ধুর নেতৃত্বদানের বিষয়টি সঠিকভাবে উপস্থাপিত হলেও ঐ লড়াইয়ে বামপন্থিদের ভূমিকার কথা কেবল অনুল্লেখিতই নয়, অস্বীকৃতও বটে। তবে ইতিহাস কোনোদিন মুছে ফেলা যায় না। মুক্তিযুদ্ধে বামপন্থিদের ভূমিকাও মুছে ফেলা যাবে না। ওয়েবিনারে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) পলিটব্যুরোর সদস্য মুহাম্মদ সেলিম বলেন, সাম্প্রদায়িক বিপদ সাম্রাজ্যবাদের সৃষ্টি। সাম্রাজ্যবাদ দেশে-দেশে আধিপত্য বিস্তার ও লুণ্ঠন এবং নিজেদের ফায়দা লুটতে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।