কপাল খুলল ৭২০ প্রার্থীর

আপডেট : ০৩ জুন ২০২১, ০০:৪৭

হতাশার মধ্যে কপাল খুলল ৭২০ জন চাকরিপ্রার্থীর। ‘সোনার হরিণ’ নামক সরকারি চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা। ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে ৭২০ জনকে প্রথম শ্রেণির ননক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই প্রার্থীদের বিসিএসের মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির ভিত্তিতে গতকাল বুধবার কমিশনের বিশেষ সভায় নিয়োগের এ সুপারিশ করা হয়। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

বুধবার (২ জুন) পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ননক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪-এর বিধান অনুযায়ী ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে সংশ্লিষ্ট নিয়োগবিধিতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিসিএসে অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির ভিত্তিতে ৭৮০ জন প্রার্থীকে ননক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে।