মোহাম্মদপুরে বাসায় অগ্নিকাণ্ডে সন্তানের পর এবার বাবার মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২১, ০০:৪৯

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু সন্তানের মৃত্যুর পর এবার চিকিত্সাধীন বাবা সোহেল (৩৫) মারা গেছেন। গতকাল বুধবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। সোহেলের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে তার শিশু সন্তান মোরসালিনের মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধ সোহেল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন ছিলেন। গতকাল দুপুরে তার মৃত্যু হয়েছে। সোহেলের স্ত্রী লাবনী বর্তমানে ভর্তি রয়েছে। তার শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে নবোদয় হাউজিংয়ের সি ব্লকের ২ নম্বর টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন জন দগ্ধ হয়। রুমের ভেতর জমাট বাঁধা গ্যাস মশার কয়েলের সংস্পর্শে আসলে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিসের।

এদিকে, রাজধানীর মিরপুরে বাউনিয়া বাঁধ এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ঝাড়ুর গোডাউন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।