ব্রিটেনে করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো। মঙ্গলবার করোনায় কেউ মারা যায়নি। গত বছরের এপ্রিলের পর কারো মৃত্যু না হওয়ার ঘটনা এই প্রথম। লকডাউন, স্বাস্থ্যবিধির সুবাদেই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে দেশটি। তার পরও ঐদিন লন্ডনে লকডাউন, ভ্যাকসিন এবং মাস্কবিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে। খবর ডয়চেভেলের
বিক্ষোভকারীরা মনে করেন, করোনা ভাইরাসের কারণে মৃত্যু ঠেকাতে লকডাউন, টিকা নেওয়া, মাস্ক পরা কিছুরই কোনো দরকার নেই। তাই সপ্তাহান্তে ট্রাফালগার স্কয়ারে তাদের বিশাল জমায়েত হয়। বিক্ষোভে তিন তরুণ গায়ে একটি টি শার্ট পরেন যাতে লেখা ছিল-এই করোনা ভাইরাস উহান কেলেংকারির ফসল। একজন তো সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে প্ল্যাকার্ডে লিখেছেন, আমাদের ওপর জো খাটবে না। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই মনে করেন, টিকা নেওয়ার বিষয়টি নিছকই ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। কারণ, যাকে টিকা দেওয়া হবে, শরীরটা তো তার। তাই এক নারী তার প্ল্যাকার্ডে লিখেছেন, ‘আমার শরীর, আমার পছন্দ।’ বিক্ষোভে কেউই স্বাস্থ্যবিধিও মানেননি।
করোনা সংক্রমণ এড়াতে মুখে মাস্ক পরাকেও এক ধরনের পরাধীনতাই মনে করেন বিক্ষোভকারীরা। তাই পোস্টারে লেখা ছিল, ‘আপনার মুখকে মুক্ত করুন।’ এক বিক্ষোভকারী মাস্কধারীদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন। আরেকজন লিখেছেন, করোনা সংকটের কথা বলে ভয়ের রাজত্ব কায়েম করেছে সরকার, এখন সবার মুক্তভাবে চলাফেরার স্বাধীনতা দরকার। ভ্যাকসিনের বিরুদ্ধে বলে ভ্যাকসিন পাসপোর্টেরও ঘোর বিরোধী তারা। তাই লন্ডনের বিক্ষোভ মিছিলে অনেকের হাতের প্ল্যাকার্ডেই লেখা ছিল, ‘নো ভ্যাকসিন পাসপোর্ট।’
